শনিবার রাতে বার্সেলোনা দেপোর্তিভোর সঙ্গে ড্র করায় রিয়ালের সুযোগ ছিল লা লিগার পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে আনার। কিন্তু ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে হেরে সেই সুযোগ হাতছাড়া করলো রাফা বেনিতেজের দল।
রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত ভিয়ারিয়াল। কিন্তু ভাগ্যের ফেরে মেক্সিকোর মিডফিল্ডার জোনাথন দস সান্তোসের জোরালো শটটি পোস্টে লাগে।
সে ধাক্কায় বেঁচে গেলেও চার মিনিট বাদেই গোল খেয়ে বসে অতিথিরা। ডি বক্সের বাইরে রিয়ালের লুকা মদ্রিচ নিয়ন্ত্রণ হারালে সতীর্থ সেদরিক বাকাম্বুর পা ঘুরে বল পেয়ে যান রবার্তো সলদাদো। প্রথম শটেই গোলরক্ষকের দুপায়ের মধ্যে দিয়ে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ফরোয়ার্ড।
ফরাসি ফরোয়ার্ড বাকাম্বুর ক্ষিপ্র গতিতে ফের বিপদে পড়তে যাচ্ছিল রিয়াল। পর্তুগিজ ডিফেন্ডার পেপের নৈপুন্যে রক্ষা মেলে। ২৪তম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। কিন্তু গ্যারেথ বেলের উঁচু করে বাড়ানো বলে করিম বেনজেমার নেওয়া হাফ-ভলি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। চার মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটা সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন বাকাম্বু।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দে ফেরার ইঙ্গিত দেয় বেল-বেনজেমারা। দুই মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ তৈরি করে তারা, তবে সাফল্য অধরাই থেকে যায়। দুটি আক্রমণেরই উৎস ছিলেন ওয়েলসের ফরোয়ার্ড বেল, দুবারই অল্পের জন্য ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।
প্রথমার্ধের অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করা ভিয়ারিয়াল ৫১তম মিনিটে আরেকটি সুযোগ হারায়। ২৫ গজ দূর থেকে সলদাদোর জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস। খানিক পরে ক্রিস্টিয়ানো রোনালদোর শট পোস্টে লাগলে ফের হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের। ৭৪তম মিনিটে এই পর্তুগিজ তারকার ক্রসে কাছ থেকে বেনজেমা লক্ষ্যভ্রষ্ট হেড করলে আর লড়াইয়ে ফেরা হয়নি রিয়ালের।
১৫ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৩০। দিনের অন্য ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে বার্সেলোনাকে ধরে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই দলেরই পয়েন্ট ৩৫, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সেলোনা। গোল.কম।
