রাজধানীর পল্লবীতে নির্মাণাধীন ভবনের উপর থেকে মাথায় ইট পরে সন্তোষ মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার মিরপুর-১২ নম্বর সেকশনের এমআইএসটির সামনে একটি নির্মানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সন্তোষ মণ্ডল একজন নির্মাণ শ্রমিক। নেত্রকোনার খালিয়াজুড়ি থানার মেওতলি গ্রামে তার বাড়ি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মিরপুর-১২ নম্বর এমআইএসটির সামনে একটি নির্মাণাধীন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় ওপর থেকে একটি ইট তার মাথায় পড়ে। ঐ ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইসহাক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে চিকিত্সকরা সন্তোষ মণ্ডলকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইঞ্জিনিয়ার ইসহাককে আটক করা হয়েছে।
