শহীদ বুদ্ধিজীবীসহ লাখো শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্থানীয় সময় রবিবার দিবাগত মধ্য রাতে তীব্র শীত উপেক্ষা করে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা জড়ো হন জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। রাত ১২টা বাজতেই মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ করেন তারা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতি বছরের মতো এবারো সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার ব্যানারে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে শহীদ বুদ্ধিজীবী দিবসের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সভাপতি মিথুন আহমেদ। ঘোষণাপত্রে মুক্তচিন্তার লেখক, বøগার ও প্রকাশক হত্যার দ্রুত বিচার দাবি জানানো হয়। একই সঙ্গে দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয়।
ফ্রান্সের প্যারিসে এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যের সংহতি প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ডা. জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ। সমাবেশের সঞ্চালক ছিলেন নাট্যাভিনেত্রী লুতফুন নাহার লতা।
