মজাদার বিস্কুট

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৭:৩০

বিস্কুট বাচ্চাদের খুব প্রিয়। বড়দেরও, বিশেষ করে যখন চায়ের আলাপ উঠে। সাধারণত দোকান থেকে কেনা হলেও ঘরে বসেই মজাদার বিস্কুট তৈরি করা যায়। এরকম বিস্কুটের ৪টি রেসিপি দিয়েছেন আলভী রহমান শোভন

 

চেরি নব বিস্কুট

 

উপকরণ :ময়দা ১ কাপ, মাখন ১০০ গ্রাম, আইসিং সুগার ১০০ গ্রাম, ডিম ২টি, বেকিং পাউডার ১/২ চা চামচ, ভ্যানিলা ১/২ চা চামচ, কাজুবাদাম ৫০ গ্রাম, চেরি ১০/১২টি।

প্রণালি :মাখন, আইসিং সুগার এবং ডিমের কুসুম একসঙ্গে বিট করতে হবে। এবার ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে ডো বানিয়ে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। এরপর এগুলো দিয়ে বল করে ডিমের সাদা অংশে চুবিয়ে অর্ধ ভাঙা কাজুতে গড়িয়ে আঙুল দিয়ে চ্যাপ্টা করে চেরি বসিয়ে ১৬০ ডিগ্রিতে ২৫ মিনিট বেক করতে হবে।

 

চিজ কুকিজ

উপকরণ :ময়দা ১ কাপ, আইসিং সুগার ১/২ কাপ, মাখন ১০০ গ্রাম, মোজরেলা চিজ ১/২ কাপ।

প্রণালি :ময়দা বাদে সকল উপকরণ একসঙ্গে বিট করতে হবে। এবার ময়দা মিশিয়ে গোল গোল বিস্কুট কাটার দিয়ে কেটে ওপরে চিজ বল করে বসিয়ে প্রিহিট ওভেনে ১৬০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করতে হবে।

 

নান খাতাই বিস্কুট

 

উপকরণ :ময়দা ১.৫ কাপ, বাটার অয়েল ১/২ কাপ, আইসিং সুগার ১/২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, বেকিং পাউডার ১/২ চা চামচ, চেরি সাজাবার জন্য।

প্রণালি :প্রথমে বাটার অয়েল, চিনি ও এলাচ গুঁড়া একসঙ্গে বিট করে ক্রিমের মতো বানাতে হবে। এবার এতে ময়দা ও বেকিং পাউডার মেশাতে হবে। হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট গোল বিস্কুট বানিয়ে মাঝখানে আঙুল দিয়ে চাপ দিয়ে ট্রেতে বসাতে হবে। ওভেন প্রিহিট করে ১৬০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করতে হবে। হয়ে এলে চেরি কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

 

সল্টেড বিস্কুট

 

উপকরণ :ময়দা ১.৫ কাপ, বেকিং পাউডার ১/২ চা চামচ, রোল অন ফ্যাট ১/৪ কাপ, বাটার অয়েল ১/৪ কাপ, আইসিং সুগার ২ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ, পানি ২ টেবিল চামচ, কালো জিরা ১/৪ চা চামচ।

প্রণালি :রোল অন ফ্যাট, বাটার অয়েল ও চিনি একসঙ্গে বিট করুন। এবার লবণ ও পানি মিলিয়ে বিট করুন। ময়দা, বেকিং পাউডার ও কালোজিরা একসঙ্গে মেশান মিশ্রণের সঙ্গে। এবার রুটির মতো ১/২ ইঞ্চি পুরু করে বেলে কুকিজ কাটার দিয়ে কেটে প্রিহিট ওভেনে ১৬০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করতে হবে।