ফ্যাশনেবল টি-শার্ট

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৭:৩২

  রকি মাহমুদ

 

ঋতুরাজ বসন্তের এই আবহাওয়া কখনো হালকা ঠাণ্ডা আবার কখনো বেশ গরম। তবে পড়ন্ত বিকেলের মিষ্টি বাতাস উপভোগ করার মতোই বটে। আসলে আবহাওয়া আর ঋতুর সঙ্গে মানিয়ে চলে হাল ফ্যাশনও। আর তাই আবহাওয়ার কথা মাথায় রেখে ফ্যাশনেবলরা প্রতিনিয়ত পরিবর্তন আনেন তাদের পোশাকে।

শীত তো চলেই গেল। বসন্তের এই আয়েশী আবহাওয়ায় হালকা গরম হালকা শীতের আমেজ। ভারী পোশাক এই সময়ে একেবারেই বেমানান। এমন দিনে ফ্যাশনপ্রিয় মানুষদের সবচেয়ে প্রিয় পোশাক কী? এক কথায় বলে দেওয়া যায়, ঋতুরাজ বসন্ত এলেই ফ্যাশনেবল তরুণ-তরুণীদের কাছে কদর বেড়ে যায় বিভিন্ন স্টাইলিশ টি-শার্টের।

ঋতুরাজ বসন্তে ছেলেদের ফ্যাশন মানেই টি-শার্ট। শুধু ফ্যাশনই বা হবে কেন, এই আবহাওয়ায় টি-শার্ট যেমন ফ্যাশনেবল, তেমন পরতেও বেশ আরামদায়ক। বিশেষ করে স্মার্ট তরুণদের কাছে টি-শার্ট প্রাধান্য পায় সবার আগে। এ কারণে আমাদের দেশি ফ্যাশন হাউসগুলোও প্রতিবছরই টি-শার্টে আনে নানা বৈচিত্র্য। হাল ফ্যাশনের টি-শার্ট নিয়ে কথা হয় দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস ‘ইজি’র কর্ণধার তৌহিদ চৌধুরীর সঙ্গে। তিনি জানান, গতানুগতিক ধারার বাইরে ওয়েস্টার্ন থিমের টি-শার্টের জনপ্রিয়তা তরুণদের মাঝে বেশি। আবার টি-শার্ট একটু ফিটিং না হলে যেন ফ্যাশনটি জমে ওঠে না। তাই তো এবারের টি-শার্টগুলো তৈরি করা হয়েছে স্লিম ফিটেড করে। আর প্রিন্টেড স্টাইলের এসব টি-শার্টের থিম বেশ মজার। একটু ওয়েস্টার্ন লুক আনতেই টি-শার্টে করা হয়েছে ভিন্ন কাপড়ের ব্যবহার। টি-শার্টের ছাপা ও রঙে আনা হয়েছে বৈচিত্র্য, যা অনায়াসেই স্মার্টলুক দেবে।

এছাড়া ডিজাইনেও রয়েছে ভিন্নতা। সাধারণত টি-শার্টে বোতাম বা কলার হয় না। গোল গলা কিংবা ভি-নেকে বেশ আকর্ষণীয় দেখায়। টি-শার্ট সুতি কাপড়ে তৈরি হলেও অন্য উপাদানের মিশ্রণও থাকে। তবে টি-শার্ট পরার ক্ষেত্রে কোন রঙে নিজেকে মানাবে সেটা বুঝে নেওয়া জরুরি। কেননা কিছুকাল আগেও টি-শার্টের ফ্যাশনে একরঙার আধিপত্য থাকলেও এখন আর তা নেই। টি-শার্টের হাল ফ্যাশনে প্রিন্টের স্টাইলের কদর তুঙ্গে। পাশাপাশি একরঙা ও চেকের কদরও আছে।

বসন্তের এই সময়টাতে হালকা উজ্জ্বল রঙের টি-শার্ট বেছে নেওয়াটাই ভালো। সেক্ষেত্রে বেছে নিতে পারেন বাসন্তী, নীল, সবুজ, ছাই, ফিরোজা, গোলাপি, সুরমা, জলপাই, কমলা ও লালচে ধরনের রঙগুলো। ফেব্রিকের ক্ষেত্রে ফুল কটন, মিক্সড কটনই ট্রেন্ড। ব্লক, বাটিক, স্ক্রিনপ্রিন্টসহ প্রতিটি টি-শার্ট যেন একেকটি রংতুলির ক্যানভাস। তবে মনে রাখবেন গরমে স্টেচিং নিট কাপড়ের টি-শার্টই আরামদায়ক। আর আপনার স্মার্টনেস পোশাকটির ক্ষেত্রে সবচেয়ে জরুরি ঠিকঠাক মাপের হওয়া। ক্যাজুয়াল লুকে টি-শার্টের সঙ্গে জিন্স, গ্যাবার্ডিন বা সুতি প্যান্ট বেশ মানায়। জুতার পাশাপাশি স্যান্ডেলও পরতে পারেন।

টি-শার্টের দাম নির্ভর করে ফেব্রিক, ডিজাইন ও ব্র্যান্ডের ওপর। বিভিন্ন ফ্যাশন হাউসে টি-শার্ট পেয়ে যাবেন ৪৫০ থেকে ১৮০০ টাকায়, ব্র্যান্ডের টি-শার্ট পাবেন ৮০০ থেকে ৩৬০০ টাকায়।

কোথায় পাবেন :ব্র্যান্ডের দোকান ছাড়াও রাজধানীর নিউমার্কেট, ঢাকা কলেজের উল্টোপাশে নূরজাহান মার্কেট, এলিফ্যান্ট রোড, বঙ্গবাজারেও পাওয়া যাবে আপনার পছন্দের টি-শার্ট।