সিরিয়া ইস্যু: রাশিয়ার সাথে দূরত্ব কমাতে চান কেরি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১১:১৯
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন রাশিয়ার রাজধানী মস্কোতে। সিরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া সরকারের সঙ্গে রাজনৈতিবক দূরত্ব কমাতে সেখানে আলোচনা করতে গেছেন তিনি।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে আলোচন করবেন জন কেরি।
 
গৃহযুদ্ধের অবসান ঘটাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভূমিকা কি হওয়া উচিত তা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিশাল মতপার্থক্য রয়েছে।
 
যুক্তরাষ্ট্র চায় আসাদ তার ক্ষমতা থেকে সরে দাঁড়াক। রাশিয়ার ভাষ্যে, শুধু সিরিয়ার নাগরিকরাই তার ভাগ্য নির্ধারণ করতে পারবে।
 
আলোচনার আগেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নীতির প্রতি আঘাত করেছে। তার অভিযোগ, ওয়াশিংটন সন্ত্রাসীদের মধ্যে কাউকে ভালো বলছে, আবার কাউকে খারাপ বলছে।
 
রাশিয়া বলছে, তারা সিরিয়ায় যে বিমান হামলা চালিয়েছে তসেটি আইএসের লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাশারকে সহযোগিতা করতে রাশিয়া মধ্যপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।
 
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট হামলা চালিয়ে আসছে। তবে দামাস্কাস কর্তৃপক্ষের সাথে এই অভিযানের সমন্বয় করা হয়নি।