ফ্রান্সের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষককে ইসলামিক স্টেট এর নাম নিয়ে কেউ হামলা করেনি। এই শিক্ষক এই গল্প নিজেই উদ্ভাবন করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
ওবারভিলার্সের জেন পেরিন কিন্ডারগার্ডেনে ৪০ বছর বয়সী ঐ শিক্ষক তার একটি ক্লাস নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বক্স কাটার ও কাঁচি নিয়ে এক মুখোশধারী ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি। তবে তার উপর এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে ঘোষণা করেছেন প্রসিকিউটররা। ওই শিক্ষক নিজেকেই একটি বক্স কাটার দিয়ে আহত করে ‘ইসলামিক স্টেট’ বিষয়ক এই গল্প উদ্ভাবন করে। কেন তিনি এমন করেছেন সেজন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে কর্তৃপক্ষ। ওবারভিলার্সের মেয়র প্যাসকাল বোদে বলেছেন, কোন প্রণোদনায় এই শিক্ষক এমনটি করেছেন তা এখনো জানা যায়নি।
গত নভেম্বরের ১৩ তারিখ প্যারিসে হামলার পরে প্যারিস সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। শিক্ষকের ইসলামিক স্টেটের বিষয়ক ওই ‘গল্প’ প্রচারের পর পুলিশ অভিযান শুরু করে। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী বিভাগ একটি তদন্ত শুরু করেছিল। ঘটনার পরে সোমবার ফ্রান্সের শিক্ষামন্ত্রী এই স্কুল পরিদর্শন করেছেন। শুধু তাই নয় ওই স্কুলের সমস্ত ক্লাস বাতিল করা হয়েছিল। বিবিসি।
