মো. আমিরুজ্জামান, সৈয়দপুর, নীলফামারী
এই নিরন্তর কোলাহলের শহর ছেড়ে দু দণ্ড চাপমুক্ত থাকতে বেরিয়ে পড়তে পারেন কোথাও। আর তা হতে পারে উত্তরবঙ্গের ভিন্নজগতে। অত্যাধুনিক পিকনিক স্পট, বিনোদন কেন্দ্র যাই বলুন না কেন, একবার দেখে আসতে পারেন রংপুরের এই ভিন্নমাত্রার ‘ভিন্নজগত্’। রংপুর বিভাগের সবচেয়ে বড় পিকনিক স্পট এটি। সৈয়দপুর-রংপুর মহাসড়কের পাশে রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর গ্রামে এর অবস্থান।
হাজারো কাজের মাঝে মানুষ চায় একটু আনন্দ-বিনোদন। তাই তো দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে বিনোদন কেন্দ্রগুলোতে। নীলফামারী জেলার পার্শ্ববর্তী এরকম একটি বিনোদন কেন্দ্রের নাম ভিন্নজগত। এই ভিন্নজগত সেজেছে নতুন সাজে। হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় এখন মুখর এই বিনোদন কেন্দ্র।
বেসরকারিভাবে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রটি সারাক্ষণ নানা জাতের পাখির কোলাহলে মুখরিত থাকে। এর গাছে গাছে দেখা যায় নানা প্রজাতির পাখি। সন্ধ্যা হলেই তারা তাদের নীড়ে ফিরে আসে। ভিন্নজগতে শোভা পাচ্ছে দেশি-বিদেশি হাজারো গাছ। এখানে দর্শনার্থীরা গাছের ছায়ায় সারাটা দিন ঘুরে বেড়াতে পারেন। ভিন্নজগতের প্রধান ফটক পার হলেই তিন দিকের বিশাল লেকঘেরা নয়নাভিরাম দৃশ্য দেখা শেষ হলেই সামনে পড়বে লোহার একটি ব্রিজ। ব্রিজটি পার হলেই ভিন্নজগতের ভিতর যেন আরেক জগত্।
এখানে রয়েছে দেশের প্রথম প্ল্যানেটোরিয়াম। রয়েছে রোবট স্ক্রিল জোন, স্পেস জার্নি, জল তরঙ্গ, সি প্যারাডাইস, আজব গুহা, নৌকা ভ্রমণ, শাপলা চত্বর, বীরশ্রেষ্ঠ এবং ভাষা সৈনিকদের ভাসড়র্য, থ্রিডি মুভি, ফ্লাই হেলিকপ্টার, মেরি গো রাউন্ড, লেক ড্রাইভ, সুইমিং পুল, স্পিনিং হেড, মাছ ধরার ব্যবস্থা। একই সঙ্গে রয়েছে অন্তত পাঁচ শ’টি পৃথক দলের পিকনিক করার ব্যবস্থা। শুধু ভিতরেই রয়েছে অন্তত ৮০০ থেকে ৯০০ গাড়ি পার্কিংয়ের সুবিধা। কটেজ রয়েছে সাতটি। রয়েছে থ্রি-স্টার মডেলের ড্রিম প্যালেস। শিশুদের জন্য রয়েছে ক্যাঙ্গারু, হাতি, ঘোড়াসহ নানা জীবজন্তর মূর্তি।
জলাশয়ে রয়েছে নৌকা ভ্রমণের সুবিধা। ভিন্ন জগতের জলাশয়ের চারপাশে রয়েছে পরিকল্পিতভাবে লাগানো নানা জাতের শোভা বর্ধনকারী গাছ। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বাস, মাইক্রো বাস, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে প্রচুর মানুষ বেড়াতে আসেন এখানে। উত্তরাঞ্চলের অন্যান্য বিনোদন কেন্দ্রের চেয়ে এই বিনোদন কেন্দ্রে নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুই ভালো। ভিন্নজগতে থাকা-খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। প্রায় তিন শ একর জমির ওপর নির্মিত এই বিনোদন কেন্দ্রটি ২০০২ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এর অর্থায়ন করেছে বেসিক ব্যাংক, সৈয়দপুর শাখা। ভিন্নজগতে রয়েছে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা।
প্রবেশ মূল্য
ভিন্ন জগতের প্রবেশ মূল্য ৫০ টাকা। বাস-মিনিবাস, মাইক্রেবাস, ইজিবাইকসহ অন্যান্য যানবাহনের নির্ধারিত ফি দিয়ে প্রবেশ করাতে হয়। এছাড়া ভিতরের প্রতিটি রাইডের জন্য আলাদা করে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত দিতে হয়। দর্শনার্থীদের থাকার জন্য নিজস্ব একটি প্যালেস রয়েছে। যার কক্ষগুলো অত্যাধুনিক। এখানে রাত্রিযাপন ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। দামও খুব একটা বেশি নয়।
যেভাবে ভিন্ন জগতে যাবেন
ঢাকার মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর ও গাবতলী থেকে রংপুরগামী বেশ কয়েকটি বিলাসবহুল এসি ও ননএসি বাস রয়েছে। এসব বাসের ভাড়া ৫০০ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে। এছাড়া কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। রংপুরে ট্রেন ভাড়া ২০০ থেকে ৭০০ টাকা। ঢাকা থেকে রংপুর আসতে সময় লাগবে সাড়ে ৬ থেকে ৭ ঘণ্টা। ট্রেনে লাগবে ৮ থেকে ৯ ঘণ্টা।
রংপুর থেকে সরাসরি ভিন্নজগতে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দর, ট্রেন ও বাসে সেখানে যাওয়া যায়। দিনাজপুর-রংপুরের গাড়িতে চড়েও ভিন্নজগতে যাওয়া যায়। সেক্ষেত্রে নামতে হবে রংপুরের পাগলাপীর বাসস্ট্যান্ডে। এছাড়া রংপুর থেকে জলঢাকাগামী গাড়িতে ভিন্নজগতে যেতে পারবেন। সেখান থেকে ১০০ থেকে ১৫০ টাকায় ব্যাটারিচালিত ইজি বাইকে করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যাওয়া যায় ভিন্ন জগতে। রংপুর ও সৈয়দপুর থেকে প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাড়া নিয়ে সেখানে যেতে পারেন।
