কুয়েটের কর্মকর্তাকে কুপিয়ে জখম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৯
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার দেবাশীষ মন্ডল উজ্জ্বলকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী।
 
মঙ্গলবার দুপুরে নগরীর তেলিগাতী পাকার মোড়ে এ ঘটনা ঘটে। আহত উজ্জ্বলকে জেলা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উজ্জ্বল বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পাশাপাশি স্থানীয় তেলিগাতি নেপাল আশ্রম সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
 
কুয়েট সূত্র ও পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার সেকশন অফিসার দেবাশীষ মন্ডল উজ্জ্বল মঙ্গলবার মধ্যাহ্ন বিরতিতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তেলিগাতি গ্রামের বাসা থেকে দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে করে ক্যাম্পাসে ফিরছিলেন। তেলিগাতি পাকার মাথায় পৌঁছালে দুই যুবক মোটরসাইকেলের গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুয়েট মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়।
 
নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী বলেন, দেবাশীষকে এক যুবক অনেক দিন ধরে কুয়েটে একটা চাকরির ব্যবস্থা করতে অনুরোধ করছিলেন। চাকরির ব্যবস্থা করতে না পারায় ওই যুবককে আরেক জনকে সঙ্গে নিয়ে দেবাশীষকে কুপিয়ে গুরুতর জখম করে।
 
তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।