রাজধানীতে ঢালাই ধসে নির্মাণ শ্রমিক নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ০৮:৪১
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল অ্যান্ড রিসোর্টের ( সাবেক রূপসী বাংলা ও শেরাটন) নির্মাণধীন ভবনের শেড ঢালাই ধসে আলতাফ (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শী সালাম জানান, রাতে হোটেলের নির্মাণধীন ভবনের শেড ঢালাইয়ের কাজ চলছিলো। এসময় নির্মাণ ত্রুটির কারণে হঠাৎ শেড ঢালাইয়ের অংশ ধসে গেলে আলতাফসহ ১১জন শ্রমিক আহত হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আলতাফকে মৃত ঘোষণা করেন। 
 
আহতদের মধ্যে মুক্তার হোসেন, শাহীন, মজনু, প্রদীপ, রিপন, ফজলু, শাফি, আলম ও জাকিরুলের নাম জানা গেছে। 
 
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক।