মতিঝিলে দুই লাশ উদ্ধার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ০৮:৪৯
রাজধানীর মতিঝিল থেকে পৃথক ঘটনায় দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে শাহাদাৎ হোসেন (২৭) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির ও বেলা ১১টার দিকে অজ্ঞাত এক রিকশাচালকের (৭০) লাশ উদ্ধার করে মতিঝিল থানার পুলিশ। 
শাহাদাৎ নোয়াখালীর জেলার চাটখিল এলাকার মৃত মনির হোসেনের ছেলে।
 
মতিঝিল থানার এসআই মহসীন আলী জানান, সকাল ৯টার দিক ফকিরাপুল বাজারের আসমা আবাসিক হোটেলের তৃতীয় তলার ২৭ নম্বর কক্ষ থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। শাহাদাৎ ওই হোটেলসহ বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।
 
রাতে দুই সহকর্মী সঙ্গে ঘুমাতে যান তিনি। সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন সহকর্মীরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
 
এদিকে মতিঝিল এজিবি কলোনির মসজিদ মার্কেটের সামনের রাস্তা থেকে অজ্ঞাত (৭০) এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
এ বিষয়ে মতিঝিল থানার এসআই মনিবুর রহমান জানান, ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই তার মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ঢামেকে হাসপাতাল মর্গে পাঠানো হয়।