শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১২:৪২
মহান বিজয় দিবস উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার ভোর থেকেই সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। 
 
বিমানবন্দরে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এপিবিএনের বিশেষায়িত টিম ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি)।
 
বিমানবন্দর এলাকার প্রতিটি প্রবেশপথসহ মোট ৩২ পয়েন্টে স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। প্রবেশের সময় সব ধরনের যানবাহন ও যাত্রীদের তল্লাশি করাসহ সার্বক্ষণিক নজরদারি করছেন এপিবিএন সদস্যরা। 
 
বিমানবন্দরের প্রতিটি পয়েন্টে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য স্থাপন করা হয়েছে ১৬০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।
 
১৬ ডিসেম্বরের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সব বিমানবন্দর আমর্ড পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল।