পঞ্চগড়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১১

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৮:৪২

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা সদরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ সোমবার দুপুরে নির্বাচন পরবর্তী এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে পরাজিত প্রার্থী অ্যাডভোকেট আনিছুর রহমান তার দলবল নিয়ে বাজারে প্রবেশ করে। পূর্ব বিরোধের জের ধরে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থকরা তাদের ওপর আক্রমণ করে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠি-সোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ উভয়পক্ষের ১১জন আহত হন। 

আহতরা হলেন-সুখাতি গ্রামের হাকিম উদ্দীনের ছেলে মো. বাবুল (৪০), তাহেরুলের ছেলে রাকিব ইসলাম (১৫), মো. সেলিম (২৫), শামসুল হকের ছেলে হোসেন আলী (৩২), শহিদুলের ছেলে গোলাপ (১৫), রফিজুলের ছেলে মখিম উদ্দীন (২৮), ছোটদাপ গ্রামের সফিকুল ইসলাম বাতাসুর ছেলে আতিকুল ইসলাম (১৪), সামসুদ্দিনের স্ত্রী সুলতানা বেগম (২৫), আটায়ারী থানার এএসআই আতিক হাসান (৩৫), কনস্টেবল সুজা উদ্দীন (২২) ও রাজিউর রহমান (২৪)।
 
খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে পুলিশ, বিজিবি, র‌্যাব ও স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনাকাঙ্খিত পরিস্থিতি পুনরাবৃত্তি না ঘটার জন্য বাজারের সব দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে বাজারের সব প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। 

আরও পড়ুন: হঠাৎ করেই জ্ঞান হারালেন নুর, ভিডিও ভাইরাল!

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর আহত রোগীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ইত্তেফাক/কেকে