জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৫:২৭
 
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে স্থানীয় সময় বুধবার সকালে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
 
সন্ধ্যায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতির পিতার নেতৃত্বে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের দিনগুলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ব্যাপক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয়ের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
 
অনুষ্ঠানে নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিশ্বে ব্যাপক সুনাম অর্জন  করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনের পর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনেও বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেবে।
 
স্থায়ী প্রতিনিধি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বহুমুখী সাফল্যের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাকে পুরস্কৃত করেছে। তার নেতৃত্বে বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, প্রবাসীরাও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়নে সকল প্রবাসী বাঙালিকে আরো অবদান রাখার আহ্বান জানান।
 
স্থায়ী প্রতিনিধি সকল প্রবাসীকে তাদের নিজ গ্রামে ও শিক্ষাঙ্গনে বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা ও আলোচনা অনুষ্ঠান আয়োজনের আহ্বান। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় আরো গভীরভাবে উদ্বুদ্ধ হবে। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় ব্যাপক অবদান রাখতে সমর্থ হবে।
 
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক স্টেট এসেম্বলি মেম্বার  ডেভিড আই ওয়ারেন, বিশিষ্ট সাংবাদিক বেলাল বেগ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
 
বক্তারা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা রূপকল্প ২০২১ বাস্তবায়নে সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নিউইয়র্কের বাংলাদেশ ইন্সস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) পরিবেশিত ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গীতিআলেখ্য অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।