নোটিশের জবাব দিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৭ নেতা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৮:০৪
দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাত নেতা।
 
স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। নির্দিষ্ট সময়ের দুদিন আগেই শর্ত অনুযায়ী নোটিশের প্রকাশ্য জবাব দিলেন তারা। জবাবে
 
তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ  ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করা হয়। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
 
কারণ দর্শানোর নোটিশ পাওয়া আট নেতার মধ্যে যুগ্ম সম্পাদক আইরিন পারভিন এবং প্রচার সম্পাদক হাজী এনাম অনুপস্থিত ছিলেন। পেশাগত কাজে ব্যস্ত থাকায় হাজি এনাম উপস্থিত না থাকলেও সংবাদ সম্মেলনের বক্তব্যের সঙ্গে তিনি একমত পোষণ করেছেন। তবে আইরিন পারভিনের অনুপস্থিতি নিয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি সংবাদ সম্মেলনে।
 
আইরিন পারভিন মুঠোফোনে জানান, তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। তবে এর বাইরে কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাছিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি উপস্থিত ছিলেন।
 
লিখিত বক্তব্যে যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, ‘৬ ডিসেম্বরের কার্যনির্বাহী সভা আয়োজনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সাধারণ সম্পাদকের আমন্ত্রণে তারা ওই সভায় যোগ দিয়েছেন।
 
তিনি আরো বলেন, ‘৮ ডিসেম্বর তারা কোনো সভা করেননি। তবে জুইশ সেন্টারে সভাপতি সিদ্দিকুর রহমানের ডাকা সভায় সাধারণ সম্পাদকসহ উল্লেখযোগ্য সংখ্যক সদস্য যোগ দিতে গিয়ে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে ফিরে গেছেন।’