পুলিশ সদর দপ্তরে বসে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এবারের নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। বিশ্বস্ত সূত্রগুলো থেকে খবর পাচ্ছি, পুলিশকে দিয়ে নির্বাচনে কারচুপি করার জন্য নীলনকশা তৈরি করা হচ্ছে। যে পুলিশ কর্মকর্তা গতবার পরিকল্পনা করেছেন, তিনি এবারও পুলিশ সদর দপ্তরে বসে আওয়ামী লীগকে জেতানোর জন্য নীলনকশা করছেন। তাকে ক্লোজড অথবা বদলি করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আমরা প্রত্যেক জেলা থেকে যে পুলিশ কর্মকর্তার পরিবর্তন চেয়েছিলাম, তা করারও দাবি জানাচ্ছি।
গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, আমরা অতীতে দেখেছি সিটি করপোরেশন নির্বাচনগুলোয় পুলিশ যে ভূমিকা পালন করেছে, তা ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।
মির্জা ফখরুল নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এখন পর্যন্ত কোনোটাই করছেন না। আমরা লিখিতভাবে এর প্রতিবাদ করেছি। নির্বাচন কমিশন যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে, পুলিশের গ্রেপ্তার অভিযান বন্ধ না করে, তাহলে নির্বাচন কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আশা করবো, নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তা পালন করবে।
সাংবাদিক এক প্রশ্নের জাবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে যে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়, তা এবার হচ্ছে না। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন নিজেই একটা অবস্থান নিয়ে নিয়েছে যে তারা নির্বাচন সুষ্ঠু করবে না।
