রাজধানীর দারুস সালামের একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় সুমাইয়া (১৩) নামের এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সুমাইয়ার বাড়ি পটুয়াখালীর সদরে। সে পাঁচ মাস ধরে দারুস সালামের ১০নম্বর রোডের মহিবুল্লাহ’র বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।
দারুস সালাম থানার ডিউটিরত অফিসার এসআই মাসুদ মিয়া জানান, ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্মী মরিয়ম প্রায়ই সময় সুমাইয়াকে মারধর করতো। আশপাশের লোকজন সুমাইয়ার চিৎকার প্রায়ই শুনতে পেত। ঘটনার দিন স্থানীয় লোকজন খবর দিলে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এসময় সুমাইয়ার মুখে খুনতির দাগ, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।অভিযুক্ত গৃহকর্তা মহিবুল্লাহ ও গৃহকর্মী মরিয়ম পলাতক রয়েছেন।
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
