স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামীতে যেসব শ্রমিক বিদেশ থেকে আসবে তাদেরকে যাতে বিমানবন্দরে কোনো রকম হয়রানি না করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।’
শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উত্সবের জীবন।’
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের সামাজিক ও আর্থিকভাবে সংশ্লিষ্ট করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে দেশে ফিরেই তারা সামাজিক অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারেন না। অনেক প্রবাসী বিদেশে তাদের কষ্টার্জিত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে ব্যর্থ হওয়ায় আর্থিক ঝুঁকির মধ্যে পড়েন। এজন্য তাদের সামাজিক ও আর্থিকভাবে পুনঃএকত্রীকরণের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর চার-পাঁচ লাখ শ্রমিক বিভিন্ন দেশে কাজে যাচ্ছেন। এর ফলে একদিকে যেমন দেশের বেকারত্ব কমছে, অন্যদিকে তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। সরকারের আইন ও নীতিমালার কারণে পুরুষ কর্মীদের পাশাপাশি নারীরাও বিদেশে যাচ্ছেন। প্রশিক্ষণের ওপর জোর দেয়ায় এখন অধিকহারে প্রশিক্ষিত জনবল বিদেশে যাচ্ছে।
