চাপের মধ্যে থাকা রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ রাফায়েল বেনিতেজকে মানসিকভাবে সমর্থন দিচ্ছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। তবে আগামীতে জিনেদিন জিদান কোচের দায়িত্বে আসতে পারেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ দুর্বল প্রতিপক্ষ ভিলারিয়ালের কাছে ০-১ গোলে পরাজিত হবার পর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তার মধ্যে পড়ে গেছেন বেনিতেজ। এই নিয়ে লা লীগায় সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে তৃতীয়বার পরাজয় দেখল স্প্যানিশ জায়ান্টরা।
ইতোমধ্যে বেনিতেজ ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে পত্রপত্রিকায় রিপোর্ট বেরিয়েছে। তবে পেরেজ নিশ্চিত করেছেন যে স্প্যানিশ এই কোচের প্রতি ক্লাবের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি তিনি বলেছেন যে, ক্লাবের বি’ টিম ক্যাসিলার কোচের দায়িত্বে থাকা জিদানকে আগামীতে মূল দায়িত্বে তুলে আনা হতে পারে।
এল লারগুয়েরো পত্রিকাকে পেরেজ বলেন, ‘খেলোয়াড়রা বেনিতেজকে সহযোগিতা করছে না বলে যে সংবাদ বেরিয়েছে সেটি সঠিক নয়। আমি তাদের সঙ্গে কথা বলেছি। বেনিতেজ কোন সমস্যা নয়। বরং তিনি হচ্ছেন সমস্যার সামাধান। তাকে হটিয়ে জিদানকে দায়িত্ব দেয়া হচ্ছেনা। তিনি (জিদান) মাদ্রিদের প্রশিক্ষক হিসেবেই আছেন। তবে (আগামীতে) তাকে তুলে আনা হবে। কারণ এই কাজের জন্য তাকে একজন আদর্শ ব্যক্তি বলেই আমরা মনে করি। এখন আমদের দরকার বেনিতেজকে সময় দেয়া। দেখা যাক তিনি কেমন করেন।’
খবর বাসসের।
