চৌমুহনীতে দুই ভাই কাউন্সিলর প্রার্থী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৫:০৯
চৌমুহনী পৌর নির্বাচনে একটি ওয়ার্ডে ৪জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে দুই জনই সহোদর ভাই। প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, বুথের অভ্যন্তরে কৌশল প্রয়োগ করার জন্য এ প্রার্থীতা বলে সাধারণের মধ্যে গুঞ্জন রয়েছে। 
 
চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল কালাম আজাদ, তার সহোদর বাবর হোসেন, ইসমাইল হোসেন ও সাবেক কমিশনার মাইন উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবুল কালাম আজাদ ও বাবর হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 
 
আবুল কালাম আজাদের ঘনিষ্ট জনদের কাছ থেকে জানা যায়, আবূল কালাম আজাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যদি তার মনোনয়ন বাতিল হয়ে যায় তাহলে তার ভাই বহাল থাকবে। এ খেয়ালে তার ভাইও মনোনয়ন পত্র দাখিল করেছে। কিন্তু আজাদের মনোনয়ন বৈধ হলেও তার ভাই বাবরের প্রার্থীতা প্রত্যাহার করেনি। সাধারণ মানুষের মতে, বাবরের পক্ষে কোনো প্রচার প্রচারণা বা পোস্টারিং করা হচ্ছে না। মুলত প্রত্যেক বুথে তাদের দুই ভাইয়ের দুই জন করে পোলিং এজেন্ট রেখে বুথের অভ্যন্তরে প্রভাব রাখার জন্যই এ কৌশল।