ঢাকা ছাড়লেন পঙ্কজ সরন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫
 
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ সরন তার দায়িত্ব পালন শেষে ঢাকা ছেড়েছেন। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
 
ভারতের হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঙ্কজ সরন শনিবার বাংলাদেশ থেকে প্রস্থান করেছেন। নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা ঢাকা এসেছেন। তিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হাই কমিশনারের দায়িত্ব পালন করবেন।
 
নতুন হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা জানুয়ারির মাঝামাঝি ঢাকা আসার পর তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন সোয়াইকা।
 
ভারপ্রাপ্ত হাই কমিশনার আদর্শ সোয়াইকা ইতোপূর্বে নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের জাতিসংঘ বিভাগের পরিচালক ছিলেন। এর আগে তিনি বেইজিং, সোফিয়া ও মস্কোয় ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করেন।
 
নভেম্বরের শেষ দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়,  খুব শিগগিরই মস্কো মিশনে যোগ দিচ্ছেন সরণ।
সরনের মেয়াদে বাংলাদেশ-ভারতের দীর্ঘকালের সীমান্ত সমস্যার সমাধান হয়, যার ফলে দুই দেশের ছিটমহলগুলোর বিনিময় হয়। তবে তিস্তার পানিবণ্টন চুক্তি ঝুলে থাকা অবস্থায়ই বিদায় নিলেন তিনি।