লোকসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক নন মনমোহন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২০:৫৪

নির্বাচনে পাঞ্জাব থেকে ভোটে দাঁড়াতে আপত্তি রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। পাঞ্জাবে খুবই জনপ্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী। অমৃতসর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাজ্য কংগ্রেসের তরফে তাকে অনুরোধ করা হয়েছিল। তবে তিনি ভোটে লড়তে ইচ্ছুক নন, দলীয় সূত্রের খবর এমনটাই। আনন্দবাজার পত্রিকা

মনমোহন সিংকে লড়ার অনুরোধ জানিয়েছিলেন পঞ্জাবের কংগ্রেস নেতৃত্ব। তিনি অমৃতসর থেকে ভোটে দাঁড়ালে রাজ্যবাসী খুশি হবেন বলেও জানিয়েছিল দল; কিন্তু সংবাদ সংস্থার খবর অনুযায়ী- দলকে ইতিবাচক উত্তর দেননি ছিয়াশি বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার বিকাল ৫টায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজ্যের দলীয় প্রধান সুনীল জাখর ও পাঞ্জাবের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক আশা কুমারী মনমোহনের বাসভবনে দেখা করেন তার সঙ্গে।  অমৃতসর থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধও করা হয়।

মনমোহন সিংকে লোকসভায় লড়ার অনুরোধ এই প্রথম নয়। ২০০৯ লোকসভা নির্বাচনেও ভগ্ন স্বাস্থ্যের কারণে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি তিনি। ২০১৪ লোকসভা নির্বাচনে অমৃতসর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, যদিও অমরিন্দর সিংহের কাছে পরাজিত হন তিনি। অমরিন্দর সিং বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ১৯৯১ থেকে আসামের রাজ্যসভার সংসদ সদস্য মনমোহন সিং। চলতি বছরের ১৪ জুন তার রাজ্যসভার সংসদ সদস্য পদের মেয়াদ শেষ হচ্ছে। আসামে আসন্ন রাজ্যসভা নির্বাচনে মনমোহন সিংকে পুনর্নিবাচিত করার মতো সংখ্যা নেই কংগ্রেসের। সে ক্ষেত্রে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের মতো দলের সমর্থন নিতে হবে কংগ্রেসকে। ১৯৯৯ সালে দক্ষিণ দিল্লি থেকে লড়েছিলেন মনমোহন। সে বারে তিনি বিজেপির ভি কে মলহোত্রার কাছে পরাজিত হন।

নির্বাচন কমিশন ঘোষিত তালিকায় পঞ্জাবে ভোট পর্ব সপ্তম দফায়। ১৯ মে ভোটের দিন ঘোষিত হয়েছে। তাই পঞ্জাব থেকে কংগ্রেসের হয়ে কে দাঁড়াবেন, সেই তালিকা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।