ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক এ তথ্য নিশ্চিত করেন।
এন্তাজুল হক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে না।
তিনি আরো জানান, সিদ্ধান্ত অনুযায়ী রাবির আগামী ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে পাস করা শিক্ষার্থীরাই শুধু অংশগ্রহণ করতে পারবেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারা আর (দ্বিতীয় বার) ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও একাডেমিত কাউন্সিলের সদস্য আমজাদ হোসেন বলেন, এর আগে ডিনস কমিটিতে এটা আলোচনা হয়েছিল। অনেকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অন্যের হয়ে পরীক্ষা দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে করা রিট খারিজ হওয়ার বিষয়টিও বিবেচনা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়। এ নিয়ে আন্দোলন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ঢাবির সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট করা হলেও তা খারিজ হয়ে যায়।
