সোমবার শ্রীগঙ্গানগর জেলার সীমান্ত এলাকায় একটি পাকিস্তানি ড্রোনকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। পাক গুপ্তচর সন্দেহে এক জনকে গ্রেফতারও করা হয়েছে। পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর এই নিয়ে পাকিস্তানের চারটি ড্রোন ধ্বংস করল ভারত। সোমবার ওই ড্রোন থেকে একটি বাড়িতে বোমা ফেলা হয় বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে সেটি ফাটেনি। যদিও সেনা বা পুলিশের তরফে বোমা ফেলার খবর নিশ্চিত করা হয়নি। আনন্দবাজার পত্রিকার খবর
শ্রীগঙ্গানগরের এক পুলিশ কর্মকর্তা ইসমাইল খান বলেন, ‘‘স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় একটি বাড়ির ছাদের উপর কোনো সন্দেহজনক যন্ত্র ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে সেনা এবং বিএসএফকে খবর দেওয়া হয়।’’ দুই বাহিনীর অফিসাররা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে জানান, সেটি পাকিস্তানের ড্রোন। নজরদারির জন্যই সীমান্তের ওপার থেকে ওই ড্রোন পাঠানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান সেনার।
পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় গত ২৬ জানুয়ারি। ওই দিনই গুজরাটের কচ্ছ এলাকায় একটি পাক ড্রোন নজরে আসে সেনার। স্পাইডার মিসাইল দিয়ে সেটিকে ধ্বংস করা হয়।
