ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ইতোমধ্যেই ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর ততপরতা দেখেছে। এবার সংগঠনটি ভারত ও বাংলাদেশে তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। গুজরাটের কুচ জেলায় পুলিশের মহাসচিব ও মহাপরিদর্শকদের বার্ষিক সভায় তিনি একথা বলেন।
এসময় রাজনাথ সিং আইএসআইএসকে মোকাবেলায় ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকাগুলোর মধ্যে আরো ভালো বোঝাপড়া ও সমন্বয়ের উপর জোর দেন। তিনি হুঁশিয়ারি দেন, আইএসআইএস ভারতের প্রতিবেশি বাংলাদেশ ও আফগানিস্তানে এর অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সম্মেলনের উদ্বোধন করেন।
রাজনাথ আরো বলেন, এ বছর জুম্মু ও কাশ্মীরের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভারতের নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসবাদ মোকাবেলায় বেশ অগ্রগতি সাধন করেছে।
আর বামপন্থী দলগুলোর চরমপন্থী অঙ্গসংগঠনগুলোর কর্মকাণ্ডে ভারত কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে বহুমুখি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত আগ্রহে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে নাগাল্যান্ডের সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে এ বছর। তিনি আশা প্রকাশ করেন, সরকার নাগা ল্যান্ডের স্বাধীনতাকামী দল ন্যাশনাল স্যোসালিস্ট কাউন্সিল অব নাগা ল্যান্ড (এনএসসিএন-আইএম) এর সঙ্গে যে কাঠামো চুক্তিতে পৌঁছেছে তা শিগগিরই নাগা সমস্যার সমাধান করবে।
