কানাডার মন্ট্রিয়ল প্রেসক্লাবের নির্বাচন ৩ জানুয়ারি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২১:৩২
 
আগামী ৩ জানুয়ারি মন্ট্রিয়ল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ ডিসেম্বর মন্ট্রিয়লের ক্যাফে রয়েল রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়ল, কানাডার আহ্বায়ক শরীফ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মকসুম তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া  হয়।
 
সভায় সর্বসম্মতিক্রমে ৩ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ক্যাফে রয়েল রেস্টুরেন্টে ভোটগ্রহণ হবে।
 
সাধারণ সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ২০১৬-১৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। শরীফ ইকবাল চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার, সাংবাদিক তৌহিদ বানী শেলী ও সাংবাদিক মুরাদ হোসেনকে সদস্য নিয়োগ করে তিন সদস্যের নির্বাচন কমিশন হিসেবে অনুমোদন দেয়া হয়। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করার জন্য ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়ে যাবে।
 
নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেক পদের প্রার্থীদের ফি যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক পদের জন্য ১০০ ডলার, নির্বাহী সদস্যের পদের জন্য ২৫ ডলার এবং অন্যান্য সম্পাদক পদের ক্ষেত্রে ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। প্রেসক্লাবের স্বার্থে গত ২৫ অক্টোবর গঠিত আহ্বায়ক কমিটির নেয়া বিভিন্ন কার্যক্রম এবং সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এ বিশেষ সাধারণ সভায়।
 
সভায় লিখিত আলোচ্যসূচি অনুযায়ী যুগ্ম আহ্বায়ক মকসুম তরফদার বিগত বছর গুলোতে প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত বিবরণ এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
 
পূর্ব আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী মন্ট্রিয়লের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে সাংবাদিক হুমায়ুন কবির রতনের নেতৃত্বে ২০১৩ সালে গঠিত বাংলাদেশ প্রেসক্লাব অব কানাডা নামের সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটির সকল সদস্য বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়ল, কানাডার সাথে একাত্মতা ঘোষণা করেন।
 
প্রবাসে সাংবাদিকদের মান মর্যাদা, কর্ম স্পৃহা, পেশাগত মান উন্নয়ন, সকলের প্রতি পারস্পরিক সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে এবং গণতান্ত্রিক উপায়ে প্রেসক্লাবের কমিটি গঠনের জন্য বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়ল, কানাডার গঠনতন্ত্রের সংশোধন ও সংযোজন সমূহ পাঠ করেন সাংবাদিক মাহমুদুল হাসান রুবেল। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সংশোধিত গঠনতন্ত্রকে এ সভায় অনুমোদন দেয়া হয়। বিশেষ সাধারণ সভায় প্রত্যেকের বক্তব্যে উঠে আসে প্রেসক্লাব পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্র প্রসারিত করার জন্য। সেইসাথে বাংলাদেশ প্রেসক্লাব অব মন্ট্রিয়লের উদ্যোগে মন্ট্রিয়লে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য আগামীতে দায়িত্ব প্রাপ্ত কমিটি যেন প্রতিটি বিষয় নির্বাহী পরিষদকে অবহিত করেন এবং এ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ গঠনতন্ত্র মোতাবেক নির্বাহী পরিষদের সভায় অনুমোদন করে নেয়ার জন্য অগ্রিম অনুরোধ করা হয়।