বহুদিন আগে প্রকাশিত একটি সংবাদ রীতিমতো হইচই ফেলে দিয়েছিল আর তা হলো-আবারো ফিরছে মটোরোলার জনপ্রিয় হ্যান্ডসেট ভিথ্রি। সত্যিই সেটটি আবারো আসছে তবে তা স্মার্টফোন আকারে। মটোরোলার ভিথ্রি মডেলের ফোল্ডেবল ফোনটি বাজারে আসে ২০০৪ সালে। ওই সময়ে এটিই ছিল একমাত্র হালকা ও পাতলা মোবাইল সেট। মোবাইলটি বাজারে উন্মুক্তের মাত্র ৪ বছরের মধ্যে প্রায় ১৩ কোটি উইনিট বিক্রি হয়েছিল। ওই সময় মোবাইল ফোনের দুনিয়ায় মটোরোলার এই ফোনটির চাহিদা ছিল তুঙ্গে। তাই এই ফোনটি বাজারে আসবে এমন খবর প্রকাশিত হলে চারদিকে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
২০১৯-এ ফোল্ডেবল স্মার্টফোনই হলো স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অন্যতম আকর্ষণ। ইতোমধ্যে অনেকগুলো কোম্পানি ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্ত করেছে। এবার ওই দলের সঙ্গে আরও একটি নাম যুক্ত হতে যাচ্ছে। ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন নিয়ে হাজির হচ্ছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা জেডটিই। জেডটিইর ফোল্ডেবল স্মার্টফোনটি দেখতে অনেকটা মটোরোলার ভিথ্রির মতোই। ভিথ্রির মতোই এই ফোনটির ডিসপ্লেও ওপর থেকে নিচে ফোল্ড করা যাবে।
জানা গিয়েছে, জেডটিই ফোল্ডেবল স্মার্টফোনের পিছনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে থাকছে একটি ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার নিচে থাকছে এলইডি ফ্লাশলাইট। তবে ফোনটিতে কোনো সেলফি ক্যামেরা দেখা যায়নি। ফোনটিতে আরও রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। জানা গিয়েছে, এই ফোনে থাকছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরও বৃদ্ধি করা যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩১৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে ফোনটির দাম কত হতে পারে তা এখনো জানানো হয়নি।
