নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ কে এম ইউছুফ আলীর তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থীর কর্মীরা। রবিবার বেলা এগারটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- শাহেদ (২৮), বাহার (৪২) ও মনিরুল আলম (৩৩)। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা এগারটার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইউছুফ আলীর কয়েকজন কর্মী চৌমুহনী বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিদ্রোহী প্রার্থী ছাইফ উদ্দিনের একদল সমর্থক ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় শাহেদ, বাহার ও মনিরুল নামের তিনজনকে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর আওয়ামী লীগ প্রার্থী ইউছুফ আলীর কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
মেয়র প্রার্থী ইউছুফ আলী অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থীর লোকজন সম্পূর্ণ বিনা উস্কানিতে তার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
হাতিয়া থানার ওসি নুরুল হুদা জানান, বিদ্রোহী প্রার্থীর কর্মীদের হামলায় আওয়ামী লীগের প্রার্থীর তিন কর্মী আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
