সময়ের আগে প্রচার-প্রচারণাকারীদের জেল জরিমানা

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:২০

আচরণবিধি লঙ্ঘন করে চট্টগ্রামের বিভিন্ন নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রার্থীদের লাগানো পোস্টার ব্যানার ও মুদ্রিত প্রচারপত্র গত দু’দিন ধরে অপসারণ করা হচ্ছে। প্রতীক বরাদ্দের আগে এই ধরনের ব্যানার পোস্টার লাগানো এবং প্রচারণা আইনত দণ্ডনীয় অপরাধ। ব্যানার পোস্টার অপসারণে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। যারা নির্বাচনী আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান।

গত ১৮ নভেম্বর মধ্যরাতের মধ্যে এসব প্রচারণামূলক ব্যানার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ থাকলেও তার দু’দিন পরও চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানের নির্বাচনী এলাকায় এক শ্রেণির মনোনয়ন প্রার্থীরা ব্যানার পোস্টার লাগাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চকবাজার, লালখান বাজার ও বাগমনিরাম এলাকা ব্যানার পোস্টার অপসারণের অভিযান চালানো হয়।