রাষ্ট্রপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের চ্যান্সেলর মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।
নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর গত ১৫ ডিসেম্বর বিইউপিতে যোগদান করেন।
প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ১৯৮৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং জাপান স্টাডি সেন্টারের ডিরেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান। দেশ-বিদেশের জার্নাল ও প্রকাশনা সংস্থা থেকে তার বেশ কিছু গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। বাসস
