বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দেয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতিশ্রুতি অষ্টম বেতন কাঠামোয় বরখেলাপ হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এ ছাড়া জাতীয় অধ্যাপকদের জ্যেষ্ঠ সচিবদের পর্যায়ে এনে নতুন বেতন কাঠামোকে বিতর্কিত করা হয়েছে বলে দাবি করছে তারা।
রবিবার শিক্ষক সমিতির কার্যকর পরিষদের এক জরুরি সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ডিসেম্বর অর্থমন্ত্রী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছিলেন নতুন বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল থাকবে। এ ছাড়া জ্যেষ্ঠ সচিবদের মতো সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের একটি অংশকে বিশেষ গ্রেডে উন্নীতের সুযোগ এবং অষ্টম বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রারম্ভিক বেতন সপ্তম বা অষ্টম গ্রেড থেকে শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নতুন বেতন কাঠামোয় উল্লিখিত প্রতিশ্রুতির প্রথম দুটির সম্পূর্ণ বরখেলাপ করা হয়েছে।
জাতীয় অধ্যাপকদের জ্যেষ্ঠ সচিবদের পর্যায়ে এনে তাদের অপমান করা হয়েছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের পে-রুলে আনার এই প্রচেষ্টার মধ্য দিয়ে জাতীয় বেতন কাঠামোকে করা হয়েছে বিতর্কিত।
চলতি সপ্তাহের মধ্যে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
