যশোরের চৌগাছা উপজেলায় আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে সাতটার দিকে পৌরসভার দামোদর বটতলা নামক স্থানে টাঙানো নৌকা প্রতীকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে নৌকা প্রতীক পাওয়া নুর উদ্দিন আল মামুন হিমেল ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুলের সমর্থকরা দামোদর বটতলায় মহড়া দিতে থাকে। এক পর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৫/৬ টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় বাবুলের সমর্থক তার চাচাত ভাই রুবেল ও জিয়লগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ৭/৮ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করেছে।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হিমেল ও স্বতন্ত্র পার্থী সাইফুরকে মুঠোফোনে পাওয়া যায়নি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
