কুমিল্লায় চলছে জোনায়েদ মোস্তফার শিল্প প্রদর্শনী ‘শিল্পের সীমানা ছাড়িয়ে’। এতে শোভা পাচ্ছে দর্শনার্থীদের নজরকাড়া সব শিল্পকর্ম। কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় লিংকবাংলার আয়োজনে চলছে এ শিল্পীর একক শিল্পকর্ম প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত।
প্রদর্শনীতে প্রবেশের পর চোখে পড়ে- মাটি থেকে মইয়ের মতো কয়েকটি সিঁড়ি উঠে গেছে আকাশ জুড়ে ভেসে বেড়ানো স্বপ্নময় মেঘের রাশিমালার দিকে। সেই মেঘের প্রতিবিম্ব পড়েছে মাটিতে রাখা টুকরো টুকরো আয়নায়। মনে হচ্ছে যেন এক বিশাল অতল গহ্বর। যেন সেখানে পড়লে নিঃশেষ হতে হবে নিমিষে। এ শিল্পকর্মের নামফলকে লেখা রয়েছে, ‘You can chose your own path according to your desire’ অর্থাত্- ‘আপনি আপনার নিজস্ব পথ নির্বাচন করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী’।
প্রদর্শনীর ভেতরটায় একটু এগুতেই যেন বৃষ্টির কণার মতো ঝড়ছে আমাদের যাপিত জীবনের নানা খণ্ডছবি। সবুজ বৃক্ষ থেকে ইট-পাথর। শোভা পাচ্ছে মসজিদ, মন্দির, গীর্জা, পেগোডা। রয়েছে রিকশা থেকে মোটরযান, পাখী-নদী আর গ্রামীণ ও নগর জীবনের চোখ ধাঁধানো সব শিল্পকর্ম। শৈশব-কৈশোর আর যৌবনের জীবনচিত্রও ফুটে আছে শিল্পীর নিপুণ তুলির আঁচড়ে।
প্রদর্শনী ও শিল্পকর্মের বিষয়ে জোনায়েদ মোস্তফা বলেন, এক জীবনে মানুষের আশা-আকাঙ্ক্ষা, পথ-চলা, সমাজ ও সামাজিক অবস্থা, অবস্থান ও পরিণতি দেখানোর চেষ্টা করেছি। আমাদের কুমিল্লায় অনেক শিল্পীর জন্ম ও বাসস্থান হলেও সবাই রাজধানীমুখী। আমি আমার মাতৃশহরে কুমিল্লার জন্য কাজ করতে চাই।
এ শিল্প প্রদর্শনীর আয়োজক লিংকবাংলার পরিচালক মনজরুল আজিম পলাশ বলেন, অর্থবহ শিল্পকর্মের স্রষ্টা শিল্পী জোনায়েদ মোস্তফা। তার হাতে মানুষের জীবন-প্রকৃতি জীবন্ত ও বিশ্বাসময় হয়ে উঠে। তিনি নির্মাণ করেছেন অসংখ্য ভাস্কর্য। তার হাতে একখণ্ড লোহা কিংবা তুচ্ছ কাগজও হয়ে উঠে ত্রিমাত্রিক-বিশ্বাসযোগ্য কোনো শিল্প।
