কালীগঞ্জে ফের প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৬
গাজীপুরের কালীগঞ্জে আবারও প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংগঠিত ওই ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি প্রবাসী পরিবারের। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের খাগড়াচর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় বেশ কয়েকজন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 
 
প্রবাসীর বড় ভাই কবির হায়দার জানান, তার ছোট ভাই মো. মোবারক হোসেন (৪৫) দীর্ঘ ১০-১২ বছর যাবৎ মালয়েশিয়ায় আছেন। বাড়িতে তার স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। রবিবার ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে। পরে মূল কলাপসিপল গেটের তালা ভেঙ্গে প্রবাসীর স্ত্রী সুফিয়া খাতুন (৩৭), তিন কন্যা অন্তরা (১৯), আতসী (১১) ও অর্পাকে (৮) হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, আনুমানিক ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোন সেট ও বিদেশি কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।
 
প্রবাসী স্ত্রী সুফিয়া খাতুন অভিযোগ করে বলেন, 'ডাকাতির ঘটনার পর পর কালীগঞ্জ থানায় ফোন করলেও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে দুপুরে। আর ডাকাতির ঘটনায় মামলা করতে গিয়ে ঘুরতে হচ্ছে। পুলিশ বলছে চুরির মামলা করার জন্য।'   
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, 'এটা আসলে ডাকাতি না, চুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।'