মাদারীপুর প্রতিনিধি
জেলা কালেক্টরেটের কর্মচারী ও সদর উপজেলার চরকুলপদ্দি গ্রামের মোয়াজ্জেম হোসেন মোল্লা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার জেলা সদরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কালেক্টরেট কর্মচারী সমিতি এই সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আফরাফুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন, অফিস সুপার ইলিয়াছ পারভেজ, মঞ্জুর আলী প্রমুখ। এদিকে রবিবার সন্ধ্যায় মোয়াজ্জেম হোসেন মোল্লার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শনিবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে মোয়াজ্জেম হোসেন মোল্লা (৫০) দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হয়েছে। এই ঘটনায় পুলিশ এক তরুণকে আটক করেছে।
