বিজয়নগরে ভাইয়ের হামলায় ভাই নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:২৪

 বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বিজয়নগরে সম্পত্তির জের ধরে ভাইয়ের হামলায় ভাই অহিদ মিয়ার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের মৃত তৈয়ব আলী মিয়ার প্রথম তরফের ছেলে অহিদ মিয়ার সঙ্গে তার সত্ভাই মুন্সি আসাদুজ্জামান ও বাহার মিয়ার দীর্ঘদিন যাবত্ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাত ৯টার দিকে কারেন্ট বিল নিয়ে অহিদ মিয়া ও তার সত্ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাহার মিয়া, আসাদুজ্জামান, সরদার জীবন মিয়া মারধর করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের ছেলে দুলাল মিয়া জানান, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে চাচাদের সাথে আমাদের ঝামেলা চলছিল। রবিবার রাতে বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা বাহার মিয়া বাবাকে গলায় চিপা দিয়ে ধরলে আসাদুজ্জামান, সরদার জীবন মিয়া ও চাচিরা এলোপাতাড়ি হামলা চালিয়ে মারধর করে এবং শ্বাসরোধ করে আমার বাবাকে হত্যা করে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আ স ম আতিকুর রহমান বলেন, নিহতের সঙ্গে তার সত্ভাই বাহার ও আসাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিদ্যুত্ বিল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরে অহিদ মিয়ার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।