নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের (জেবিবিএ) নির্বাচনে জাকারিয়া মাসুদ জিকো সভাপতি এবং তারেক হাসান খান সাধারণ সমপাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রবিবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কার্যকরী কমিটির ১৫টি পদে দুটি প্যানেলে ৩০ জন এবং সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৫৭ জন ভোটারের মধ্যে ২৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
প্রাথমিক ফলাফলে জিকো-তারেক প্যানেল সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সমপাদকসহ ৭টি পদে জয়লাভ করে। অন্যদিকে দিদার-কামরুল প্যানেল একজন সহ-সভাপতি, যুগ্ম সমপাদক ও কোষাধ্যক্ষসহ জয়লাভ করেছে আটটি পদে।
জিকো-তারেক প্যানেলের বিজয়ীরা হলেন-সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সহ-সভাপতি জে মোল্লা মাসুদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, সাংস্কৃতিক সম্পাদক হোসাইন জিলানী এবং সদস্য আব্দুল আলিম।
কার্যকরী কমিটির সদস্য পদে জিকো-তারেক প্যানেলের রিষিধাম চৌধুরী ও মোহাম্মদ আলী লিয়াকত সমানসংখ্যক ভোট পাওয়ায় এই পদে ফলাফল স্থগিত করা হয়। তবে লটারির মাধ্যমে পরবর্তীতে একজনকে বিজয়ী ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
দিদার-কামরুল প্যানেলের বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, কোষাধ্যক্ষ সেলিম হারুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক মাহমুদ হোসাইন বাদশা এবং কার্যকরী সদস্য কামরুজ্জামান বাচ্চু ও এস এম এ হাসান।
সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহবুবুর রহমান টুকু।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী এবং বিজিত সভাপতি এবং সাধারণ সমপাদক প্রার্থী ভোটার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এসময় তারা জেবিবিএর উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহহমান মান্নান, মাহবুবুর রহমান চৌধুরী, এম. রহমান, কাজী মন্টু ও পারভেজ কাজী।
