আবাহনী-ব্রাদার্সের জয় তিন সেঞ্চুরির ম্যাচে জিতল রূপগঞ্জ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:২৭

 স্পোর্টস রিপোর্টার

প্রথম রাউন্ডে বেশির ভাগ ম্যাচই লো স্কোরিং হয়েছিল। দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াতেই রানের দেখা মিলেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে তিন সেঞ্চুরি ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৩ রানে পরাজিত করেছে লিজেন্ডস অব রুপগঞ্জ। ম্যাচে রুপগঞ্জের হয়ে মোহাম্মদ নাঈম ও নাঈম ইসলাম, শাইনপুকুরের হয়ে সাব্বির হোসেন সেঞ্চুরি করেছেন।

দিনের অপর দুই ম্যাচে জিতেছে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ১৮৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে আবাহনী। মিরপুরে ব্রাদার্স তিন উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বিকেএসপিতে আগে ব্যাট করে সাত উইকেটে ৩৫৭ রানের বিশাল স্কোর গড়ে রুপগঞ্জ। লিস্ট-এ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছেন বাঁহাতি ওপেনার নাঈম। তিনি ১০৮ বলে ১২২ রান (৮ চার, ৬ ছয়) করেন। নবম সেঞ্চুরি করা নাঈম ইসলাম ৯৮ বলে ১০৮ রান (১১ চার, ২ ছয়) করেন। জবাবে সাব্বির হোসেনের সেঞ্চুরিতে ভালোই লড়েছে টানা দুই ম্যাচ হারা শাইনপুকুর। ৪৯ ওভারে ৩৩৪ রানে অলআউট হয় ক্লাবটি। লিস্ট-ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করা সাব্বির ৮৭ বলে ১০০ রান (৮ চার, ৩ ছয়), তৌহিদ হূদয় ৮৩ রান করেন। রুপগঞ্জের মোহাম্মদ নাঈম ম্যাচ সেরা হন।

ফতুল্লায় তিন হাফ সেঞ্চুরিতে আবাহনী ছয় উইকেটে ২৮৫ রান তুলেছিল। শান্ত ৮৩, মোসাদ্দেক ৬৪, সাব্বির রহমান অপরাজিত ৩৫ বলে ৬১ রান করেন। বিশাল টার্গেটের চাপে ৩৩ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় উত্তরা স্পোর্টিং। ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পর বোলিংয়ে চার রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাব্বির রহমান।

মিরপুরে ৪৭.৫ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় শেখ জামালের ইনিংস। ইলিয়াস সানি ৪২, রাকিন ৩৪ রান করেন। টপঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৩৬.৫ ওভারে তিন উইকেটে ১৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ব্রাদার্স। মিজানুর ৭১, চিরাগ জানি অপরাজিত ৫০, ইয়াসির আলী অপরাজিত ৩২ রান করেন। টানা দুই ম্যাচ হারলো শেখ জামাল। ব্রাদার্সের মিজানুর ম্যাচ সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

লিজেন্ডস অব রুপগঞ্জ-শাইনপুকুর ক্রিকেট ক্লাব

রুপগঞ্জ: ৫০ ওভারে ৩৫৭/৭ (নাঈম ১২২, নাঈম ইসলাম ১০৮, আজমীর ৪৮, রিশি ধাওয়ান ৩২, মুক্তার আলী ১৩, আসিফ আহমেদ রাতুল ১১; হামিদুল ২/৪৫, দেলোয়ার ৬৭/২, সুজন ২/৭৫, সাব্বির হোসেন ১/৩৭)

শাইনপুকুর: ৪৯ ওভারে ৩৩৪ (সাব্বির হোসেন ১০০, তৌহিদ হূদয় ৮৩, সোহরাওয়ার্দী শুভ ৩৪, উদয় কৌল ২৯, সুজন হাওলাদার ২২, দেলোয়ার ১৮, আফিফ ১৫, ধীমান ১৩; নাবিল সামাদ ৩/৫১, আসিফ হাসান ২/৬৬, মুক্তার আলী ১/৫৯, রিশি ধাওয়ান ১/৬৬, শহীদ ১/৮৬)

ফলাফল: রুপগঞ্জ ২৩ রানে জয়ী

আবাহনী লিমিটেড-উত্তরা স্পোর্টিং ক্লাব

আবাহনী: ৫০ ওভারে ২৮৫/৬ (শান্ত ৮৩, মোসাদ্দেক ৬৪, সাব্বির ৬১*, জহুরুল ৪৫, কুশল সিলভা ১০, জাহিদ জাভেদ ৪*; নাহিদ হাসান ৩/৭০, রশিদ ১/৩৬, মোহিমিনুল ১/৩৭)

উত্তরা স্পোর্টিং: ৩৩ ওভারে ৯৬ (শাকির ২৪, আনিসুল ১৬, মোহিমিনুল ১৬, রাজা আলী দার ১৫, রশিদ ১২*; রুবেল ৩/১৬, সাব্বির ২/৪, আরিফুল ২/১৪, সাইফ ১/২৩, নাজমুল ১/১৯, সানজামুল ১/১৮)

ফলাফল: আবাহনী ১৮৯ রানে জয়ী।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন

শেখ জামাল: ৪৭.৫ ওভারে ১৮০ (ইলিয়াস ৪২, রাকিন ৩৪, তানবির ৩২, নুরুল হাসান ১৬, সালাউদ্দিন শাকিল ১৫, জিয়াউর ১২, শহীদুল ১০, আফ্রিদি ১*; মেহেদী হাসান ৩/২৫, শাখাওয়াত ৩/৩৫, শরীফ ২/৩৫)

ব্রাদার্স: ৩৬.৫ ওভারে ১৮৩/৩ (মিজানুর ৭১, চিরাগ জানি ৫০*, ইয়াসির ৩২*, হামিদুল ১৯; শহীদুল ২/৩০, তানবির ১/৫১)

ফলাফল: ব্রাদার্স ইউনিয়ন ৩ উইকেটে জয়ী