কাতারে অনুশীলনে গেল ফুটবলাররা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:২৭

 স্পোর্টস রিপোর্টার

কম্বোডিয়াকে ফিফা প্রীতি ম্যাচে হারিয়ে রবিবার গভীর রাতে ঢাকায় ফিরেছে জাতীয় ফুটবল দল। খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা দিনভর বিশ্রামেই ছিলেন। দুপুর না হতে আবার ব্যাগ গুছিয়ে প্রস্তুতি নিলেন। এবার মিশন অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। গতকাল বিকালে কাতারের পথে বিমান ধরেছেন সুফিল, জনি, রবিউল, জাফর ইকবাল, সুশান্ত ত্রিপুরা, মতিন মিয়ারা। কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে যেসব ফুটবলার ছিলেন তাদের মধ্য থেকে এগারো জন ফুটবলার অনূর্ধ্ব-২৩ দলে। কোচ জেমি ডে সেভাবেই দল গড়েছিলেন। কারণ কম্বোডিয়ার বিপক্ষে লড়াইয়ের পর বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইয়ে অংশগ্রহণ করতে হবে। এটাই হলো আসল জায়গা। বাহরাইন, ফিলিস্তিন এবং শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের খেলা বাংলাদেশে। খুব ভালো ভাবে নামার জন্যই জেমির প্রস্তুতি। এই ব্রিটিশ কোচ খেলোয়াড়দের মধ্যে জয়ের তাগিদ দেখতে পাচ্ছেন। কম্বোডিয়ার বিপক্ষে যে জয়টা এসেছে সেটিকে পুঁজি করে এগিয়ে যেতে চান। প্রীতি মাচে জয় (১-০) পেলেও সেখানে অনেক ভুলভ্রান্তি চোখে পড়েছে জেমির। যেগুলো বিপদের বড় কারণ হয়ে দাঁড়াতে পারত। হয়ত ভাগ্য ভালো বলে সেটি হয়নি। ১-০ গোলে জিতলেও জয়। ৩-০ গোলে জিতলেও জয়। প্রায় ৫ মাস পর আন্তর্জাতিক ম্যাচে নেমে জয় নিয়ে ফিরেছে। সেটিকে বুনন দিতে চান সামনের খেলাগুলোতে। এর জন্য সবাই মিলে একটা টিম ওয়ার্ক হয়ে এগিয়ে যেতে চান জেমি। বাহরাইন যাওয়ার আগে জেমিকে তার খেলোয়াড়দের ঘষে মেজে তৈরি করতে কাতারের ১০ দিনের সুযোগ করে দিয়েছে বাফুফে। আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে নিজেদের মনোনিবেশ করতে ক্লান্তিহীন পরিশ্রম করতে চান জেমি। ২০ মার্চ বাহরাইন যাবে ফুটবল দল।

কম্বোডিয়া হতে ঢাকায় ফেরার আগেই বাফুফে অনূর্ধ্ব-২৩ ফুটবলারের নামের তালিকা ঘোষণা করা হয়। সিনিয়ররা বিমানবন্দর হতে বাড়ি গেছেন। আর অনূর্ধ্ব-২৩ ফুটবল দল গিয়ে কারওয়ান বাজারের একটি হোটেলে উঠেন। সেখান থেকেই গতকাল দুপুরে বিমান বন্দরে রওনা দেন ২৩ ফুটবলার, কোচ, কর্মকর্তা। যারা কম্বোডিয়ার বিপক্ষে লড়াই করেছেন সেই সব অনূর্ধ্ব-২৩ ফুটবলার একাদশে থাকবেন। দলে নেওয়া হয়েছে নতুন দুই মুখ। রহমতগঞ্জের রকিব হোসেন, নোফেল স্পোর্টিংয়ের খন্দকার আশরাফুল ইসলাম।

এএফসি অনূর্ধ্ব—২৩ বাছাই

অনূর্ধ্ব-২৩ ফুটবলার দল ঃ

টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ শিতল (আবাহনী), গোলকিপার পাপ্পু হোসেন, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল ইসলাম, আলআমিন, জাফর ইকবাল (সাইফ স্পোর্টিং)। বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ (শেখ রাসেল)। গোলকিপার মাহফুজ হাসান প্রিতম, রকি, সুজন, রবিউল হাসান, আরিফুর রহমান (আরামবাগ)। গোলকিপার  আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, মাসুক মিয়া জনি, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, ইব্রাহিম (বসুন্ধরা কিংস), রাকিব হোসেন (রহমতগঞ্জ), খন্দকার আশরাফুল ইসলাম (নোফেল)।