বাগেরহাটে সেনা সদস্য পরিচয়ে দরিদ্র পরিবারের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার পর বিয়ে না করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই মেয়েটির বাবা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতামপুর গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে মো. আল ইমরানের ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির পরিবারের কাছে ইমরান নিজেকে সেনা সদস্য পরিচয় দেন। প্রথম পর্যায়ে মেয়ের পরিবার এই সম্পর্ককে মানতে না চাইলেও পরবর্তীতে মেয়ের কথা চিন্তা করে ছেলেকে বিয়ের জন্য বলে। কিন্তু প্রেমিক ইমরান নানা রকম তালবাহানা করে ও তার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে বার বার সময় নেন। পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে ইমরানের বাবা ইমদাদুল হককে বিষয়টি সরাসরি জানানো হলে ছেলে পক্ষ কয়েকবার বিয়ের জন্য দিন তারিখ দিয়েও মেয়ের বাড়িতে যায়নি। প্রেমিক ইমরানের সঙ্গে পরে যোগাযোগ করলে তারা টাকা পয়সা দিয়ে সম্পর্কটি শেষ করতে চান।
এ বিষয়ে মেয়ের বাবা বলেন, 'আমার মেয়ে সঙ্গে ইমরানের প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক। ইমরান নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করেন। বিষয়টি তার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি। তারপরও মেয়ের কথা চিন্তা করে বিয়ে দিতে রাজি হই। কিন্তু বিয়ের জন্য ইমরানকে বলা হলে তিনি টালবাহানা করেন।'
মেয়ে বিয়ের আয়োজন করেও বিয়ে না হওয়ায় সমাজে তাকে হেয় হতে হয়েছে বলে জানান তিনি। ইমরানের পরিবারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ফল না পাওয়ায় বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছেন।
এ ব্যাপারে ইমরানের বাবা মো. ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে মোবাইল সেটটি মেরামত করতে দেয়া হয়েছে বলে ফোনটি কেটে দেন।
বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জিয়াউল আলম জানান, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে বৃহস্পতিবার তার অফিসে হাজির হওয়ার জন্য বলেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
