স্পোর্টস ডেস্ক
করিম বেনজেমার জোড়া গোলে জয় পেলেও চাপ কমছে না রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারির। কারণ গুঞ্জন আছে শিগগিরই কোচ হয়ে ফিরছেন জিনেদিন জিদান।
গত ছয় খেলায় রিয়ালের এটি কেবল দ্বিতীয় জয়। চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকে আগেই বাদ পড়া রিয়াল ঘরোয়া লিগেও শিরোপা লড়াইয়ে নেই। কারণ এ জয়ের পরও বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে স্পানিশ রাজধানীর দলটি ১২ পয়েন্ট পেছনে। রিয়াল গত রবিবার রাতে স্পানিশ লিগে রিয়াল ভায়াদোয়িদের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়ী হয়। স্বাগতিকরা কিছুটা দুর্ভাগ্যেরও শিকার হয়। কেননা তাদের রুবেন আলকারাজ একটি পেনাল্টি নষ্ট করেন। এছাড়াও সের্জিও গার্দিওলার দুটি গোল অগ্রাহ্য হয়।
আনোয়ার মোহামেদের গোলে ২৯ মিনিটে ভায়াদোয়িদ এগিয়ে গেলেও রাফায়েল ভারানে পাঁচ মিনিটের মধ্যেই সমতা ফেরান। এরপর বেনজেমা ৫১ ও ৫৯ মিনিটে প্রথমে পেনাল্টি ও পরে হেডে করা গোলে রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। ক্যাসেমিরো দ্বিতীয় হলুদ কার্ডের জন্য ৮০তম মিনিটে লাল কার্ড পেলেও ফিফার বর্ষসেরা ফুটবলার লুকাস মড্রিচ দলের চতুর্থ গোলটি করেন। কিন্তু এমন জয়ের পরও চাপ কমছে না কোচ সোলারির। কারণ গত মঙ্গলবার নিজেদের মাঠে আয়াক্সের কাছে ১-৪ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় টানা তিন বছর এ টুর্নামেন্টটি জেতা রিয়াল। বেনজেমা অবশ্য জয়ের পর রিয়ালকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। একই সাথে ক্লাবের সমালোচকদের সাম্প্রতিক সাফল্যগুলোর কথা মনে করিয়ে দেন তিনি। তবে হোসে মরিনহোর আবার রিয়ালে দায়িত্ব নেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে উত্তর দিতে অস্বীকার করেন ফরাসি এই খেলোয়াড়।
চলতি মৌসুমে এ নিয়ে ২২ গোল করা বেনজেমা বলেন, ‘আমরা আয়াক্সের বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হেরেছি। এরপর মনে হচ্ছে যেন আমরা কখনো কিছু জিতিনি।’ কিন্তু পাঁচ বছরের মধ্যে চারবার ইউরোপিয় শিরোপার বিপরীতে এবার ট্রফিহীন থাকতে হচ্ছে বেনজেমাদের। বলাবলি হচ্ছে মরিনহো সহসাই সোলারির স্থলাভিষিক্ত হতে পারেন। সে প্রসঙ্গে বেনজেমার কাছে জানতে চাইলে স্ট্রাইকারটি বলেন, ‘আমি আশা করি সোলারি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এখানে আছেন। তবে এটা ক্লাবের বিষয়। আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না।’
