বিশ্বকাপ ২০১৯
স্পোর্টস রিপোর্টার
কিছুদিন আগে জাতীয় দলের নির্বাচকরা বলেছিলেন, বিশ্বকাপের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করা হয়েছে। সহসাই তা ঘোষণা করার কথা ছিল। যদিও গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, প্রাথমিক দল আর দেয়া হচ্ছে না। কারণ এপ্রিলের মধ্যেই ঘোষণা করা হবে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল। আর ২২ এপ্রিল শুরু হবে বিশ্বকাপ দলের অনুশীলন। মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে জনা দশেক ক্রিকেটার।
গতকাল মিরপুর স্টেডিয়ামে বিশ্বকাপের প্রাথমিক দল নিয়ে সাংবাদিকদের আকরাম খান বলেছেন, ‘????আমাদের আগের যে নিয়ম ছিল ৩০ দলের একটা দল দিতে হতো। কিন্তু নতুন যে নিয়ম করেছে তা হলো, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১৫ জনের নাম দিতে হবে। তবে ২২ মে পর্যন্ত আমরা পরিবর্তন করতে পারবো। তবে ২২ মে’র পর কোনো খেলোয়াড় যদি ইনজুরি হয়, তাহলে আমরা খেলোয়াড় পাঠাতে পারবো।’
বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে তিন জাতি সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে ২২ এপ্রিল। গতকাল বিসিবি পরিচালক আকরাম খান বলেছেন, ‘বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে ২২ এপ্রিল থেকে আমাদের অনুশীলন শুরু হবে। আমরা ১৫ জন দল দিবই, তাছাড়া স্ট্যান্ডবাই খেলোয়াড়সহ ২২-২৩ জনকে নিয়ে অনুশীলন শুরু করবো।’
মে মাসের শুরুতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। আকরাম খান বলেছেন, ‘আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে আমরা বাংলাদেশেই অনুশীলনটা করবো। তারপর ১ মে আয়ারল্যান্ড সফরে যাব আমরা। তারপর ১৮ মে আমরা ইংল্যান্ড যাব। সেখানে ২৩ মে পর্যন্ত অনুশীলন করবো।’
ইনজুরি ও ভিসা জটিলতার কারণে বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় বিকল্প ক্রিকেটারদের ইংল্যান্ডের ভিসা করিয়ে রাখবে বিসিবি। যাতে দুর্ভাগ্যক্রমে কেউ ইনজুরিতে পড়লে দ্রুতই বিকল্প ক্রিকেটার পাঠানো যায়।
