সোলসারের
প্রথম লিগ হার
স্পোর্টস ডেস্ক
ওলে গুনার সোলসার ম্যানচেষ্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে হারের বিস্বাদ নিলেন। গত রবিবার রাতে আর্সেনাল তাদের ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলেও টপকে শীর্ষ চারে জায়গা করে নেয়।
আর্সেনালের জয়ে গোল দুটি করেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিট শাকা ও পিয়েরে এমেরিক অবামেয়াং। শাকা পেনাল্টি এলাকার বাইরে থেকে যে বাকানো শটে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন, তা ধারণা করা হয়েছিল গোলরক্ষকটি থামাতে পারবেন। এর আগে খেলাটি গোলশূন্য থাকার সময় রোমেলো লুকাকুর শট বারে লাগে। এমনকি আর্সেনাল এগিয়ে যাওয়ার পর ব্রাজিলীয় ফ্রেড এর শট পোস্টে লাগলে গোলবঞ্চিত থাকে ইউনাইটেড। নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের শীর্ষ চারের এ লড়াইয়ে আর্সেনাল প্রহরী বের্ন্ড লেনোও লুকাকুর দুটি আক্রমণ রুখে দেন। এসবই ছিল ৬৯ মিনিটে অবামেয়াংয়ের পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করা গোলটির আগে।
গানাররা ২০১৯ সালে এ নিয়ে শীর্ষ দলগুলোর সাথে ১০টি লড়াইয়ের মধ্যে সাতটিতেই জয়ী হলো। সর্বশেষ জয়টির সুবাদে কোচ উনাই এমারির দল এখন তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের সাথে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনলো। লিগে তাদের খেলা বাকি আটটি। ছয় সপ্তাহ আগে এই ইউনাইটেডের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নেওয়া আর্সেনাল এ রাতে ছিল ক্ষিপ্র, প্রাণবন্ত ও পরিশ্রমী।
সমান ৩০ খেলা শেষে ৭৪ ও ৭৩ পয়েন্ট নিয়ে এখন প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। শিরোপা লড়াই এখন মূলত এ দুটি দলের মধ্যেই সীমাবদ্ধ। লিভারপুল আগেরদিন ৪-২ গোলে বার্নলিকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটিকে চাপে রেখেছে। যদিও লিগের এক পর্যায়ে লিভারপুল এই সিটির চাইতে সাত পয়েন্টে এগিয়ে ছিল।
