স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বেগম খালেদা জিয়ার উক্তি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলেছেন, জামায়াতের সাথে থাকতে থাকতে বেগম জিয়ার এই অবস্থা হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে বেগম জিয়া বাংলার মানুষকে হতবাক করেছেন।’
বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বেগম জিয়ার উক্তি শুধুু শহীদদের প্রতি অবমাননা নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গেও বেঈমানি করা হয়েছে। তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী হয়ে কিভাবে এই কথা বলেন? যে কথা পাকিস্তানও কোন দিন বলার সাহস দেখায়নি। তিনি বলেন, তিনি এই উক্তির মাধ্যমে তাঁর দল বিএনপিকে ’৭১’র ঘাতক জামায়াতে ইসলামীর সঙ্গে এক কাতারে দাঁড় করিয়েছেন।
