নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ১৩টি উপজেলার মধ্যে পাঁচটিতে এসেছে নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন দু’জন নারী।
কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে সদর উপজেলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ, তাড়াইলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আজিজুল হক ভূঞা মোতাহার, ইটনা উপজেলায় বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম, অষ্টগ্রামে বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, হোসেনপুরে জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান পারভেজ, পাকুন্দিয়ায় বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, কটিয়াদীতে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী, বাজিতপুরে বর্তমান চেয়ারম্যান ছারওয়ার আলম, নিকলীতে বর্তমান চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিন এবং ভৈরবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া দলের মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে সাকাউদ্দিন আহাম্মদ রাজন, আছিয়া আলম, তানিয়া সুলতানা হ্যাপী, সায়দুল্লাহ মিয়া ও শাহজাহান পারভেজ নতুন মুখ। তারা সবাই গত ২৬ ফেব্রুয়ারি নিজ নিজ উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। একই দিন দলের বাইরে ৪৩ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় কোনো প্রার্থী দেয়নি।
