মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থী সেই রূপা রায়

আপডেট : ১১ মার্চ ২০১৯, ২১:৪৬

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি পদে নির্বাচন করে জামানত হারানো সেই শ্রীমতি রূপা রায় চৌধুরী এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। শ্রীমতি রূপা রায় চৌধুরী প্রগতিশীল বামদল বাংলাদেশ রামকৃষ্ণ পার্টির চেয়ারম্যান। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮নং ভাদগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে। জানা গেছে, রূপা রায় চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে প্রথম নারী এমপি প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। ১৫৮ ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছিলেন। এবার ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনেও প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে রূপা রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র দাখিল করেছেন। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফিরোজ হায়দার খান ও মোঃ মোস্তফার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান।