সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে মালদ্বীপ। দেশটির দুই ফরোয়ার্ডের গোলে ভুটানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় পায় তারা।
ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বৃহস্পতিবার 'বি' গ্রুপের ম্যাচে আব্দুল্লাহ আসাদুল্লাহর গোলে এগিয়ে যায় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে অধিনায়ক আশফাক আলি লক্ষ্যভেদ করলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি। শুরু থেকে আক্রমণাত্মক খেলা মালদ্বীপ ভুটানকে বেশ চাপে রাখে। ভালো একটি সুযোগ বাইরে দিয়ে উড়িয়ে মেরে নষ্ট করার পর ৩২তম মিনিটে মালদ্বীপকে এগিয়ে নেন আব্দুল্লাহ। সতীর্থের বাড়ানো বল সাইড ভলিতে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
দ্বিতীয়ার্ধে আশফাকের দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় মালদ্বীপ। ডান দিক থেকে আক্রমণে যাওয়া মালদ্বীপ অধিনায়ক প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। আগামী শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। একই দিনে ভুটান খেলবে প্রতিযোগিতাটির শিরোপাধারী আফগানিস্তানের বিপক্ষে। বিডি নিউজ।
