চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সাময়িক বহিস্কৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রাব্বানী।
বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃত্তিতে এই বহিস্কারের সিদ্ধান্ত জানানো হয়।
ওই বিবৃত্তিতে আরো জানানো হয়েছে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.আতাউর রহমানকেও সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে বহিস্কার করা হয়েছে, বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিনকেও।
এই বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দীন মণ্ডল জানান, দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায়, তাদের সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। এই বহিস্কারের সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্র অনুমোদন করলে, তিনজনকেই স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত নিব আমরা।
উল্লেখ্য শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে সাংসদ গোলাম রাব্বানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিনকে মেয়র প্রার্থী ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে জেলা কমিটি সেই সিদ্ধান্তের বিরোধীতা করে জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ময়েন খানের নাম কেন্দ্রে পাঠায়। কেন্দ্র থেকে তাকে মনোনয়ন দেয়া হলে বিদ্রোহী প্রার্থী হিসাবে ভোটের মাঠে থেকে যান রাজিন।
এই নিয়ে শিবগঞ্জ আওয়ামীলীগ কার্যত দুই ভাগে ভাগ হয়ে যায়, অনেকে মনে করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর দ্বন্দ্বের কারণে শিবগঞ্জে একক প্রার্থী দিতে ব্যার্থ হয় আওয়ামীলীগ। যার চুড়ান্ড বহি:প্রকাশ হলো এই বহিস্কার সিদ্ধান্তের মধ্য দিয়ে।
