ইত্তেফাক ডেস্ক
টেকনাফে মাদক বিরোধী চলমান অভিযানে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবার চালান জব্দসহ বিভিন্ন স্থান থেকে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
টেকনাফ (কক্সবাজার):টেকনাফে মাদক বিরোধী চলমান অভিযানের মধ্যে আকস্মিকভাবে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৮টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী দমদমিয়া ওমরখাল দিয়ে ইয়াবার চালান অনুপ্রবেশের খবর পেয়ে স্থানীয় বিওপির একটি টহল দল নিয়ে ওমরখাল এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি নৌকা নাফ নদীর কিনারায় আসতে থাকলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন চোরাকারবারীরা নৌকা থেকে লাফ দিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে গেলে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
বরিশাল:নগরীর কাউনিয়া থানার চড়বাড়িয়া ইউনিয়নের লামচড়ি এলাকায় অভিযান চালিয়ে শাওন (২২) নামের এক যুবককে তিনশ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওনের সহযোগি উত্তর লামচড়ি এলাকার রাসেল পালিয়ে যায়। আটক শাওন চরবাড়িয়া এলাকার লাল মিয়া বেপারীর পুত্র।
পলাশ (নরসিংদী):পলাশ উপজেলার ডাংগার কাজৈর গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ রায়হান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম রবিবার রাত ১১টায় কাজৈর গ্রাম থেকে তাকে আটক করেন। আটক রায়হান পলাশের ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের সাহাজদ্দিনের ছেলে।
আগৈলঝাড়া (বরিশাল):আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার মাদক মামলার আসামি সরোয়ার সরদারসহ দুই ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পৃথক মামলা দায়ের করেছে।
উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের শাহ আলম সরদারের বাড়ির ভাড়াটিয়া সরোয়ার সরদারকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সরোয়ার পার্শ্ববর্তী গৌরনদী থানার নরসিংহলপট্টি গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): শায়েস্তাগঞ্জে তালিকাভুক্ত মাদক বিক্রেতা হিরো মিয়াকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। রবিবার রাতে সুতাং-সুরাবই গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালানোর সময় হিরোর লোকজন পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লোকজনের বাধার মুখে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ):কুলিয়ারচরে বসত ঘর থেকে ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিবার রাতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ফাইজ উদ্দিন কুলিয়ারচর থানার রামদী ইউনিয়নের হাড়িয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হামিদ মাস্টারের ছেলে।
চরফ্যাশন (ভোলা):চরফ্যাশনে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ। রবিবার রাতে পৌর শহরের দিনেশ হাওলাদারের চৌমুহনী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভা ৯ নং ওয়ার্ডের জিয়াউদ্দিনের পুত্র সালাউদ্দিন, একই ওয়ার্ডের কামাল আমিনের পুত্র সাইফুল ও পৌর ৮ নং ওয়ার্ডের ফজলু জমাদারের পুত্র আহাম্মদ আলী।
