জয়পুরহাটে অপহরণের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ০৯:৪১
জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর থেকে আড়াই বছরের শিশু রাধা রানী অপহরণের তিন দিন পর বাড়ির পাশের পুকুর পাড় থেকে আজ শুক্রবার ভোরে লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে শিশু রাধা রানীর লাশ পাওয়া গেছে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করি। গত মঙ্গলবার দুপুরে শিশু রাধা রানীকে অপহরণের পর অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা মোবাইলে ফোন করে ব্যবসায়ী পিতার কাছে মুক্তিপণ দাবী করে।
 
রাধারানী পাঁচবিবি উপজেলার রশিদপুর বাজারের ব্যবসায়ী পরেশ চন্দ্রের একমাত্র  মেয়ে। রাধারানী বাড়ির পাশে খেলা করার সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছিল বলে ইত্তেফাককে জানান ওসি আশরাফুল ইসলাম।